প্রবাসীর পাঠানো প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানা বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন আব্দুর রউফ ও আল আমিন শান্ত। পুলিশ জানিয়েছে, রউফ বিমানবন্দর থানার একটি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং শান্ত বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে তাদের এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় থাকলেও ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরার মালয়েশিয়া প্রবাসী মো. কাউসার তার ভাইয়ের জন্য এক ব্যক্তির মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য এসব স্বর্ণ পাঠানো হয়েছিল।
গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী ওই স্বর্ণালংকার গ্রহণ করেন। পরে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে কাওলায় যাওয়ার পথে কয়েকজন তাদের ঘিরে ধরেন। একপর্যায়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় আব্দুর রউফ (৪০), রিপন (২৭), আল আমিন শান্ত (২৭) ও রুবেল (৩২)কে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার চার আসামিই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রউফ বিমানবন্দর থানার একটি ওয়ার্ড বিএনপির সভাপতি, শান্ত বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং রিপন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি। রুবেলও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এসএস




Comments